![]()
অপরাধ ও আইন
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ক্যানেল থেকে সুটকেসে নারীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার
অন্য কোথাও হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের
নিজস্ব প্রতিনিধি, গাজীপুর
ছবি: সংগৃহীত
গাজীপুর: গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি ক্যানেল থেকে সুটকেস ভর্তি এক অজ্ঞাতনামা নারীর গলিত ও খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ভাওয়ালগড় ইউনিয়নের ফকিরাগর এলাকায় একটি ভবনের পাশের ক্যানেল থেকে সুটকেসটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে ক্যানেলের ওপর নির্মিত কালভার্টে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক পানিতে একটি সুটকেস ভাসতে দেখেন। সুটকেসের কিছু অংশ খোলা থাকায় ভেতরে মানবদেহের অবশিষ্টাংশ দেখা যাচ্ছিল। বিষয়টি দেখে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যানেল থেকে সুটকেসসহ মরদেহটি উদ্ধার করে।
ওসি আল মামুন জানান, নিহতের পরিচয় শনাক্তকরণ ও রহস্য উন্মোচনে সহায়তার জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে ওই নারীকে হত্যা করার পর দেহের খণ্ড-বিখণ্ড অংশ সুটকেসে ভরে এই নির্জন এলাকায় ফেলে যাওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
