![]()
সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালে রাজধানীজুড়ে হঠাৎ ঝুম বৃষ্টিতে বিপাকে পড়েছেন ঢাকবাসী। বৃষ্টির কারণে সকালে বিভিন্ন সড়কে যানবাহন পেতে বেগ পেতে হয় অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের। তবে বৃষ্টি থামার পর রোদ উঠলেও আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের দিকে রাজধানীতে আবারও বৃষ্টি হতে পারে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাতটার পরপরই ঢাকাবাসীর ব্যস্ততা বাড়ে। তবে ঠিক সেই সময়েই শুরু হয় প্রবল বৃষ্টি। নিজস্ব যানবাহন না থাকায় গণপরিবহন, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভরশীল সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
সকাল পৌনে আটটার দিকে রাজধানীর আসাদগেট ও এর আশপাশের এলাকায় সরেজমিনে তীব্র যানজট দেখা যায়। বৃষ্টির পানির কারণে সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরি হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ে। ছাতা মাথায় হেঁটে ও ভিজে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পৌঁছাতে দেখা যায় অনেককে।
সকাল সোয়া আটটার দিকে বৃষ্টি থামার পর আবার রোদের দেখা মেলে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই তিন ঘণ্টায় রাজধানীতে ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, দুপুরের দিকে রাজধানীতে আবারও বৃষ্টি হতে পারে, তবে তার মাত্রা খুব বেশি না-ও হতে পারে।
আবহাওয়া দপ্তর জানায়, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। তবে এই বৃষ্টি একনাগাড়ে না হয়ে থেমে থেমে হতে পারে বলে জানান আবহাওয়াবিদরা।
এদিকে বৃষ্টি হলেও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরমের অনুভূতি কমেনি। থেমে থেমে মেঘ-বৃষ্টির এমন রূপকে এ মৌসুমের স্বাভাবিক আবহাওয়া বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
