![]()
২০২৫ সালে ‘সাইয়ারা’র ব্যাপক সাফল্যের পর দীর্ঘদিন প্রচারের আলো থেকে দূরে ছিলেন তরুণ অভিনেত্রী অনীত পাড্ডা। সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘হুঙ্কার: দ্য রোর’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও ভাবনার কথা শেয়ার করেছেন তিনি।
অনীত পাড্ডা জানান, ব্যক্তিগত কোনো স্পর্শকাতর অভিজ্ঞতা জনসমক্ষে এলে তা কীভাবে চারপাশের হরেক রকম মতামতের চাপে বিকৃত হয়ে যায়, তা-ই ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজে। ‘হুঙ্কার’-এ তিনি অভিনয় করেছেন ‘মীনু রাওয়াত’ নামের এক ১৭ বছর বয়সী কিশোরীর চরিত্রে, যে নিজের জীবনের একটি ভয়াবহ ঘটনার পর চরম মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যায়।
গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অনীত বলেন, “কেউ যখন তার ব্যক্তিগত কঠিন অভিজ্ঞতা প্রকাশ করে, তখন দ্রুতই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চারপাশ থেকে সবাই নানা উপদেশ দিতে শুরু করে—এটা করা উচিত ছিল বা ওটা বলা উচিত ছিল। এসব এত বেশি প্রভাবিত করে যে একপর্যায়ে মানুষ নিজের সত্যতা নিয়েই সংশয়ে পড়ে যায়।”
চিত্রনাট্য ও চরিত্র সম্পর্কে অনীত জানান, শুটিংয়ের সময় তাঁর নিজের বয়স ছিল বিশ বছর। ফলে ১৭ বছরের মীনুর চরিত্রটি মানসিকভাবে ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ও সংবেদনশীল ছিল। অভিনয় শেখার কর্মশালায় অনুশীলনের সময়ও তিনি চরিত্রটির ভয়, অনিশ্চয়তা এবং একই সাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা নিজের ভেতর অনুভব করেছেন।
অনীতের মতে, ‘হুঙ্কার’ কেবল একটি নির্দিষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার গল্প নয়; বরং এটি প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে একটি কিশোরীর দ্রুত পরিণত হয়ে ওঠার কাহিনি।
সিরিজটিতে অনীত পাড্ডা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, রঘুবীর যাদব, জোয়া হুসেন এবং মোহাম্মদ জিশান আয়ুব। এটি পরিচালনা করেছেন নিত্যা মেহরা। বিরলা স্টুডিওস ও অ্যাপলজ এন্টারটেইনমেন্টের পাশাপাশি সিরিজটির সহ-প্রযোজনায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের পার্পল পেবল পিকচার্স।
আগামী ২৫ সেপ্টেম্বর ‘জিওহটস্টার’ ওটিটি প্ল্যাটফর্মে ‘হুঙ্কার: দ্য রোর’ মুক্তি পেতে যাচ্ছে।
