![]()
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রুয়েটের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে এসব প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা প্রয়োজন।
তিনি রুয়েটের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
