![]()
নির্বাচনী দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে পালনে দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে পালনের লক্ষ্যে ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি—এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার থেকে শুরু হওয়া প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এসব সদস্যকে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর তাদের রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
