![]()
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীদের চালানো গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডারবানের দক্ষিণাঞ্চলীয় কোয়ামাখুথা টাউনশিপের একটি আবাসিক বাড়িতে এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ-র বরাতে এ তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার ঠিক আগে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র হামলাকারী হঠাৎ ওই বাড়িতে প্রবেশ করে এবং ভেতরে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন বলে জানা গেছে।
হামলা শেষে পালিয়ে যাওয়ার আগে দুষ্কৃতকারীরা বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর থেকে এলাকাটিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেনি স্থানীয় পুলিশ। হামলাকারীদের শনাক্ত কিংবা গ্রেফতারের বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
