![]()
জাপানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিখোঁজ রয়েছেন বলে বুধবার জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
টোকিওর পূর্বে অবস্থিত চিবা প্রিফেকচার ও দক্ষিণ-পশ্চিমের কানাগাওয়া অঞ্চলে নিখোঁজদের সন্ধানে এখনো ব্যাপক উদ্ধার অভিযান ও সন্ধান তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জাপানি সংবাদমাধ্যম জাপান টুডে জানায়, কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর লাশ এবং চিবায় পানিবন্দী একটি গাড়ি থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বৃদ্ধি পায়।
নিহত ৯ জনের মধ্যে সর্বোচ্চ ৬ জন মারা গেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা চিবা প্রিফেকচারে। বাকি ৩ জনের মৃত্যু হয়েছে কানাগাওয়ায়।
মৌসুমের ২৫তম এই টাইফুনটি এমন এক সময়ে আঘাত হানে, যখন দেশটিতে পাঁচ দিনব্যাপী ‘সিলভার উইক’-এর ছুটি চলছিল। ঝড়ের প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও হঠাৎ বন্যা দেখা দেয়। এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বরের শুরুতেও চিবা এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যার ইতিহাস রয়েছে।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারেও দেশটির পূর্ব উপকূলে ঝড়টি অবস্থান করছিল। তবে রাতের দিকে এটি ক্রমেই দুর্বল হয়ে সাধারণ ক্রান্তীয় নিম্নচাপে রূপ নেয়।
ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সূত্র: জাপান টুডে
