Touch Bangladesh
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিশ্বসেরা ১ হাজারে নেই বুয়েট-ঢাবি, জায়গা পেল ৪ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

টাইমস হায়ার এডুকেশনের ২০২৭ র‍্যাংকিং

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (THE) ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। তবে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়।

এই তালিকায় থাকা তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এই অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ২০২৭ সালের র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণা, গবেষণার সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র‍্যাংকিং তৈরি করে টাইমস হায়ার এডুকেশন।

এবার বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে। এর মধ্যে বুয়েট ও ঢাবিসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০০১ থেকে ১২০০-এর মধ্যে রয়েছে।

১২০১ থেকে ১৪০০-এর মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১৪০১ থেকে ১৬০০-এর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া ১৮০১ থেকে ২০০০-এর মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)।

বিশ্বসেরার শীর্ষে অক্সফোর্ড
২০২৭ সালের র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

সেরা ১ হাজারের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ২৫৪তম অবস্থানে রয়েছে। পাকিস্তানের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে কায়েদ-এ-আজম ইউনিভার্সিটি রয়েছে ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।