![]()
সৌদি আরবে হুথিদের ড্রোন হামলায় প্রবাসী বাংলাদেশি সজিব হোসেন নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসায় হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সজিবের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার হুথিদের চালানো ওই ড্রোন হামলায় সজিবের মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতের পরিবার ও তার নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক সমন্বয় অব্যাহত রয়েছে।
