![]()
সুনামগঞ্জে ‘অশ্লীলতার’ অভিযোগে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে আয়োজিত নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির মুখে স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। সোমবার বিকেলে সিলেটের ‘জারা স্পোর্টিং ক্লাব’ এবং স্থানীয় ‘স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবে’র মধ্যকার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়োজক সূত্রের খবর, ম্যাচ আয়োজনের বিষয়ে আগেই উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছিল এবং সফরকারী দলের খেলোয়াড়রাও মাঠে খেলার উদ্দেশ্যে সুনামগঞ্জ এসে পৌঁছেছিলেন। তবে রবিবার ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র ব্যানারে স্থানীয় একদল ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ‘অশ্লীলতার’ অভিযোগ এনে খেলা বন্ধের দাবি জানান।
পরবর্তীতে মাঠের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় আয়োজকরা ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেন। আয়োজনের বিরোধিতা করা গোষ্ঠীর প্রতিনিধি জানান, তারা সাধারণ খেলাধুলার বিরোধী নন, তবে ওই এলাকায় প্রাপ্তবয়স্ক নারীদের উন্মুক্ত ফুটবল খেলাকে ‘অশ্লীলতা’ মনে করায় তারা বাধা দিয়েছেন।
প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, তাদের পক্ষ থেকে খেলা বন্ধ করার কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। স্টেডিয়ামের কাছেই একটি মাদ্রাসা থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আয়োজকরা নিজ দায়িত্বেই খেলা স্থগিত করেছেন।
