![]()
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও কর্মচারী পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটি নিয়মিত ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসক ক্যাটাগরিতে চার ধরনের পদে ৫০ জন এবং কর্মচারী ক্যাটাগরিতে তিন ধরনের পদে ৬৮ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
কোন পদে কত জন নিয়োগ
চিকিৎসক ক্যাটাগরিতে আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন) পদে ৩৫ জন, শিশু সার্জারি পদে ৯ জন, শিশু অ্যানেসথেসিয়া পদে পাঁচজন এবং ইএনটি পদে একজন নিয়োগ দেওয়া হবে।
এসব পদ নবম গ্রেডের। বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা।
অন্যদিকে, কর্মচারী ক্যাটাগরিতে ওয়ার্ড বয়/আয়া পদে ৩৩ জন, পিয়ন বা অফিস সহায়ক পদে ১০ জন এবং অ্যাটেনডেন্ট (ওটি, এক্স-রে, ল্যাব ও কার্ডিয়াক) পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ ২০তম গ্রেডের। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
চিকিৎসক পদে আবেদনের যোগ্যতা
আবাসিক মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে। পাশাপাশি এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদ অনুযায়ী অভিজ্ঞতা শিশু মেডিসিন, শিশু সার্জারি, শিশু অ্যানেসথেসিয়া অথবা ইএনটি বিষয়ে হতে হবে।
চিকিৎসক পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে ডিসিএইচ, এমডি, এমএস ও এফসিপিএসের মতো উচ্চতর যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চিকিৎসক পদে আবেদন করতে দুই হাজার টাকার অফেরতযোগ্য পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এটি ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’-এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে করতে হবে।
কর্মচারী পদে আবেদনের যোগ্যতা
ওয়ার্ড বয়/আয়া, পিয়ন বা অফিস সহায়ক এবং অ্যাটেনডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
ওয়ার্ড বয়/আয়া পদে সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাটেনডেন্ট পদে একই ধরনের কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পিয়ন বা অফিস সহায়ক পদে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
ওয়ার্ড বয়/আয়া এবং অ্যাটেনডেন্ট পদেও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মচারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এসব পদে আবেদন ফি ৫০০ টাকা। নির্ধারিত ফির অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’-এর অনুকূলে জমা দিতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের প্রথমে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধনের কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত আবেদন ফির পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১৭ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
খামের ওপর আবেদন করা পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।
নিয়োগ পরীক্ষা যেভাবে হবে
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, উপযুক্ত প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদন করার আগে প্রার্থীদের নিজ নিজ পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখুন।
