![]()
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনকে কেন্দ্র করে বলিউড তারকাদের মধ্যেও ভিন্নমত দেখা দিয়েছে। কেউ বিক্ষোভের সমালোচনা করছেন, আবার কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে সমর্থন করছেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্দোলন নিয়ে বলিউডের অধিকাংশ তারকা প্রকাশ্যে কোনো অবস্থান না নিলেও কয়েকজনের বক্তব্যে বিভক্তির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
বিক্ষোভের সমালোচনায় রণবীর শৌরে ও কঙ্গনা
নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের সমালোচনা করেছেন অভিনেতা রণবীর শৌরে। তাঁর মতে, দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর পরিবর্তে আদালত, সংসদসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়া উচিত।
রণবীরের বক্তব্য, সড়ক অবরোধ করে জনজীবন ব্যাহত করা এবং সরকারি পরিকাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম বাধাগ্রস্ত করাকে গণতন্ত্রের পক্ষে ইতিবাচক বলা যায় না।
অভিনেত্রী কঙ্গনা রানাউতও বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন। আন্দোলনকারীদের ‘দেশবিরোধী’ বলে মন্তব্য করেছেন তিনি।
আন্দোলনের পক্ষে বিজয় ভার্মা ও হুমা কুরেশি
অন্যদিকে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী হুমা কুরেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন বিজয় ভার্মা। ওই পোস্টে অভিযোগ করা হয়েছে, জ্ঞানেশ কুমারের পদ রক্ষায় কেন্দ্রীয় সরকার সক্রিয় ভূমিকা পালন করছে।
এদিকে বিক্ষোভ করতে না দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমা কুরেশি। সাম্প্রতিক দিনগুলোতে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীদের আটক করার খবর সামনে এসেছে। এ প্রসঙ্গে হুমার বক্তব্য, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নিজেদের দাবি তুলে ধরে প্রতিবাদ জানানোও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার।
একই ধরনের অবস্থান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও গীতিকার স্বানন্দ কিরকিরেও।
আটক হওয়ার পর আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান
আন্দোলন ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা আমির খানের ভাইঝি জেন মেরি খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাঁর হাত-পায়ে একাধিক কালশিটের দাগ দেখা গেছে।
জেনের দাবি, বিক্ষোভে অংশ নেওয়ার সময় মুম্বাই পুলিশ তাঁকে আটক করে। ওই সময় ধাক্কাধাক্কির কারণে তিনি আঘাত পেয়েছেন বলে দাবি করেন তিনি।
জেন মেরি খান ছাড়াও অভিনেতা ইমরান খান ও তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটনকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তারকাদের অবস্থান নিয়ে বাড়ছে আলোচনা
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বলিউডেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। একদিকে বিক্ষোভের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন কয়েকজন তারকা, অন্যদিকে নাগরিকের প্রতিবাদ করার অধিকার রক্ষার পক্ষে কথা বলছেন অনেকে।
তবে আন্দোলন নিয়ে তারকাদের এই ভিন্ন অবস্থান ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।
