![]()
নিজ নিজ কাজ ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম, শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষায় ভূমিকার কথা শুনে প্রশংসা করেন তিনি। একই সঙ্গে দেশ গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, জন্ম থেকেই দুই হাতহীন হয়েও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনজনই। তাঁরা নিজেদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের কাজের প্রশংসা করেন এবং উদ্যোগগুলো অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
