![]()
কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. আরিফুল ইসলাম। তিনি ওই এলাকার ফয়েজ উদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার বিকেলে শিশুটিকে এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে যান আরিফুল। সেখানে শিশুটির ওপর অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে আরিফুলকে আটক করেন।
পরে শিশুটিকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শিশুটির শরীরের পেছনের অংশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। পরে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নেওয়া হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদন: টাচ বাংলা নিউজ
