Touch Bangladesh
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

দক্ষ যুবশক্তিই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: লামায় জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মাঝে চেক বিতরণ

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

Loading

মোহাম্মদ করিম এলএলবি, মফস্বল সম্পাদক: ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, যুবকদের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১ নভেম্বর) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলী হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, ডা. সোলাইমান এবং লামা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ করিম এলএলবি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে যুবকদের সুশিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কর্মমুখী দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু চাকরির প্রত্যাশা না করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সহায়তার সুযোগ গ্রহণ করে যুবকেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারেন। তিনি যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলী হোসেন বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন যুবক নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তিনি যুবকদের সরকারি প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, সুস্থ ও কর্মক্ষম যুবসমাজ ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি, স্বাস্থ্যসচেতনতা এবং মাদকমুক্ত জীবনযাপন যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ প্রজন্মই পারে আগামী দিনের দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলতে।

লামা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ করিম এলএলবি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে শুধু শিক্ষিত করলেই চলবে না, তাদের দক্ষ, সৃজনশীল, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাহাড়ি জনপদ লামার সম্ভাবনাময় যুবকদের জন্য কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃষি, পর্যটন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে স্থানীয় অর্থনীতির বিকাশের পাশাপাশি জাতীয় উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত থেকে মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে উপযুক্ত যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন, দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ যুবসমাজ। এ বিশাল জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা গেলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
জাতীয় যুব দিবসের এ আয়োজন যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস, কর্মস্পৃহা ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গঠনে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।