![]()
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলে এ কর্মসূচি পালন করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কুতুবআইল শিল্পাঞ্চলের মেট্রো গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হন। পরে মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
দুপুর ১২টার দিকে শ্রমিকদের অবরোধ লিংক রোডের সাইনবোর্ড এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা পৃথক দলে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই পথে চলাচলকারী যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক থেকে সরে যাবেন না তারা।
এদিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
