![]()
জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণে ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান।
মোহাম্মদ করিম মফস্বল সম্পাদক ঃ-
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের লামায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোরদার করার প্রত্যয়ে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
সভায় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভুজ বড়ুয়া এবং সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঘটনাবলি দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের সূচনা করে এবং জাতীয় ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
বক্তারা আরও বলেন, একটি দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিভেদ ও বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য স্মরণ এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
