Touch Bangladesh
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সাতক্ষীরার তালায় শান্তি ও আরোগ্যদায়ী সভা, ৫ হাজার মানুষের সমাগম; সুস্থতার অভিজ্ঞতা জানালেন অর্ধশতাধিক

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৭, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম; ‘অল্টার কল’ পর্বে অর্ধশতাধিক ব্যক্তির সুস্থতার অভিজ্ঞতা প্রকাশ

নিউজ প্রোভাইডার

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য, মানবিক মূল্যবোধের বিকাশ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বর্ণাঢ্য আয়োজনে ‘শান্তি ও আরোগ্যদায়ী সভা’ অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল ইয়ুথ লিডার্স ফোরাম বাংলাদেশ (GYLF Bangladesh)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় নারী-পুরুষ ও শিশুসহ প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানের মূল পর্বে নাইজেরিয়া থেকে এলইডি স্ক্রিনের মাধ্যমে যুক্ত হন পাস্টর ক্রিস ওকলাহোমা। এ ছাড়া ‘অল্টার কল’ পর্বে অসুস্থ মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনার পর অর্ধশতাধিক নারী-পুরুষ নিজেদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি এবং সুস্থতা অনুভবের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিনামূল্যে লটারি ড্র ও অর্ধশতাধিক পুরস্কার বিতরণও ছিল অন্যতম আকর্ষণ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল পরিণত হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে কুমারঘাটা এজি চার্চের পালক সেলিনা খাতুন নয়মি প্রার্থনা পরিচালনা করেন। এরপর উপাসনা, গসপেল সংগীত, সমবেত প্রার্থনা ও বাইবেলের বাণী প্রচারের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে যায়।
অনুষ্ঠানের মূল পর্বে নাইজেরিয়া থেকে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি যুক্ত হন বিশেষ ঈশ্বরের মানুষ হিসেবে পরিচিত পাস্টর ক্রিস ওকলাহোমা। তিনি প্রার্থনার মাধ্যমে অলৌকিক কার্যক্রম ও রোগাক্রান্ত মানুষের সুস্থতার বিষয়গুলো সরাসরি উপস্থাপন করেন। তাঁর প্রার্থনা ও প্রদর্শিত ভিডিওচিত্র উপস্থিত মানুষের মধ্যে গভীর আবেগ ও বিশ্বাসের সঞ্চার করে এবং অনুষ্ঠানের আত্মিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এরপর রোগাক্রান্ত ও শারীরিকভাবে কষ্টে থাকা মানুষের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ক্রাইস্ট অ্যাম্বাসি চার্চ বাংলাদেশের প্রতিনিধি ও গ্লোবাল ইয়ুথ লিডার্স ফোরাম বাংলাদেশের সম্মানিত পরিচালক জন সাব্বির রানা। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘অল্টার কল’ পর্ব। এ পর্বে অর্ধশতাধিক নারী-পুরুষ বিভিন্ন দীর্ঘস্থায়ী ও জটিল রোগসহ শারীরিক ও মানসিক সমস্যা থেকে সুস্থতা ও স্বস্তি অনুভব করেছেন বলে দাবি করেন। তাঁদের মধ্যে কেউ দীর্ঘদিনের শারীরিক ব্যথা থেকে মুক্তির কথা জানান, আবার কেউ মানসিক অস্থিরতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার অভিজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা মঞ্চে এসে উপস্থিত মানুষের সামনে নিজেদের সাক্ষ্য তুলে ধরেন। এ সময় অনেককে আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত অবস্থায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায়।

এ ছাড়া বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, মানুষের কল্যাণ এবং জাতীয় ঐক্য কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে দেশের মানুষের সুখ, শান্তি, সম্প্রীতি ও নৈতিক উন্নতির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করা হয়। একই সঙ্গে সমাজে মানবতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়া বন্যা বিশ্বাস ও গ্লোবাল ইয়ুথ লিডার্স ফোরাম বাংলাদেশের সাতক্ষীরা জেলা অ্যাম্বাসেডর সুশান্ত সরকার। তাঁদের সাবলীল উপস্থাপনায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এবং বিএনপি নেতা ও স্থানীয় ইউপি সদস্য পদপ্রার্থী শাহ আলম। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ভিন্ন ধর্ম ও মতের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় আধ্যাত্মিক ও গসপেল সংগীত পরিবেশিত হয়। এসব সংগীতের মাধ্যমে স্রষ্টার প্রতি বিশ্বাস, মানবপ্রেম, ক্ষমা, ভালোবাসা, শান্তি ও মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে লটারি ড্র ও পুরস্কার বিতরণ। এতে অংশগ্রহণকারীদের জন্য ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাইসাইকেল, স্মার্টফোন, টেবিল ফ্যানসহ অর্ধশতাধিক আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিনামূল্যে লটারিতে অংশগ্রহণ ও আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ থাকায় উপস্থিত নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারী, পুরুষ ও শিশুদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা এবং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে মানুষের মধ্যে ভয়, হতাশা, অনিশ্চয়তা ও সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে আত্মিক শক্তি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এ বৃহৎ আয়োজন। তাঁদের মতে, এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং মানুষের মধ্যে মানসিক প্রশান্তি, বিশ্বাস, আশাবাদ ও আত্মিক শক্তি জাগিয়ে তোলার পাশাপাশি পারস্পরিক ভালোবাসা ও মানবিক দায়িত্ববোধ প্রতিষ্ঠার একটি সামাজিক প্রয়াস।

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানান, দীর্ঘদিন পর তালা উপজেলায় এত বড় পরিসরে এ ধরনের আত্মিক ও মানবিক মূল্যবোধভিত্তিক আয়োজন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে শান্তি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নতুন আশার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে অসুস্থ মানুষের জন্য প্রার্থনা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

শেষে সমাপনী প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তি ও আরোগ্যদায়ী সভাটি তালা উপজেলার স্থানীয় পর্যায়ে একটি উল্লেখযোগ্য ধর্মীয়, মানবিক ও সম্প্রীতিমূলক আয়োজনে পরিণত হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।