![]()
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত আছেন নাকি মারা গেছেন, তা নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন বলে যেসব খবর সামনে আসছে, সেগুলো বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিয়ে তারা নিশ্চিত নন। এমনকি শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটিও তারা জানেন না বলে মন্তব্য করেন তিনি।
ডিসেম্বরে আওয়ামী লীগ দেশে ফিরবে—এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারি দল ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নুর আরও বলেন, রাজপথে রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখলে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানালে ষড়যন্ত্রকারীদের তৎপরতা বন্ধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানান নুর।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা পালন করছেন, রাজপথেও যেন একই ধরনের দায়িত্বশীল ভূমিকা রাখেন।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
