Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার আশার আলো

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১০, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

রূপসীপাড়ায় এক দিনেই চিকিৎসা পেলেন ২২৪ জন। ইউএনএফপিএর অর্থায়নে গ্রীন হিলের মোবাইল হেলথ ক্যাম্প; বিশেষ মাতৃস্বাস্থ্যসেবা পেলেন ৩৯ গর্ভবতী মা।

মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক: পাহাড়ের আঁকাবাঁকা পথ, দুর্গম জনপদ আর চিকিৎসাসেবা প্রাপ্তির নানা সীমাবদ্ধতা, এমন বাস্তবতায় বান্দরবানের লামা উপজেলার প্রত্যন্ত রূপসীপাড়া ইউনিয়নের মানুষের জন্য আশার আলো হয়ে এসেছে বিনামূল্যের মোবাইল হেলথ ক্যাম্প। দুর্গম এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আয়োজিত এ ক্যাম্পে এক দিনেই চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন ২২৪ জন। তাঁদের মধ্যে ১৮৫ জন সাধারণ রোগী এবং ৩৯ জন গর্ভবতী মা রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর অর্থায়নে, লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে এ মোবাইল হেলথ ক্যাম্প পরিচালিত হয়।

পাহাড়ি জনপদের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগব্যবস্থা, দূরত্ব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় সাধারণ রোগের চিকিৎসা গ্রহণ থেকেও বঞ্চিত হন প্রত্যন্ত এলাকার মানুষ। বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মাতৃস্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে নানা প্রতিবন্ধকতা রয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় না রেখে মানুষের কাছেই চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে আগত ১৮৫ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ৩৯ জন গর্ভবতী মায়ের জন্য বিশেষ মাতৃস্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সহকারী উপপরিচালক (সিসি) মো. রফিকুল ইসলাম এবং লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবুজ বড়ুয়া।

চিকিৎসাসেবা প্রদান করেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বাপ্পি মারমা ও উপসহকারী মেডিকেল অফিসার। গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্যসেবা প্রদান করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) এবং গ্রীন হিলের মিডওয়াইফ।

এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, গ্রীন হিলের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দুর্গম ও প্রত্যন্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে যেসব মানুষ নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন না, তাঁদের কাছে সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মোবাইল হেলথ ক্যাম্প পরিচালিত হচ্ছে।

তাঁরা আরও জানান, এ ধরনের উদ্যোগের ফলে দুর্গম এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও গর্ভবতী মায়েরা সহজেই চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

তবে এক দিনের স্বাস্থ্যসেবা কার্যক্রমই পাহাড়ের প্রত্যন্ত জনপদের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা-সংকটের স্থায়ী সমাধান নয়। এ অঞ্চলের মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা, পর্যাপ্ত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ, মাতৃস্বাস্থ্যসেবা এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি এ ধরনের মোবাইল হেলথ ক্যাম্পের কার্যক্রম নিয়মিত ও বিস্তৃত করা গেলে দুর্গম এলাকার স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের জন্য তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবার আলো পৌঁছে দেওয়ার এ উদ্যোগ কেবল ২২৪ জন মানুষের চিকিৎসাপ্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দুর্গম অঞ্চলের স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস হিসেবেও বিবেচিত হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।