![]()
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানব পাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ-সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।
এ সময় আইজিপি আন্তদেশীয় অপরাধ দমন ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
