![]()
ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত ছাড়াই সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ নেওয়া যাবে। তবে একজন গ্রাহক এ স্কিমের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ বিষয়ে নতুন সার্কুলার জারি করে। এতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালা সংশোধন করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
কারা পাবেন এ ঋণ?
নতুন নীতিমালায় প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণের আওতায় আনা হয়েছে।
এ ছাড়া জেলে, দর্জি, কামার, কুমার, ছুতার, স্বর্ণকার, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ এ সুবিধা পাবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি দোকানি, চা-পান বিক্রেতা, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ব্যবসায়ী, ফল ও সবজি বিক্রেতা এবং ফুল ব্যবসায়ীরাও ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ক্ষুদ্র তাঁতি এবং ফ্রিল্যান্সারদেরও এ সুবিধার আওতায় রাখা হয়েছে।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ
নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তা ও গ্রাহকদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীরাও পাবেন সুবিধা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো কৃষককে ঋণসুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
এ ছাড়া বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পেশাজীবীরাও এ ঋণ পাবেন।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশফেরত কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদেরও অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষও আয়বর্ধক কাজের জন্য এ ঋণ নিতে পারবেন।
২৫ বছরের কম বয়সী অসচ্ছল শিক্ষার্থীরা কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের জন্য ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে অভিভাবককে। পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এককভাবে ১০ লাখ, দলগতভাবে ৪০ লাখ টাকা
নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। এ ক্ষেত্রে ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে।
দলগতভাবেও ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। দুই থেকে পাঁচজন মিলে একটি দল গঠন করতে পারবেন। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। একটি দলের জন্য সর্বোচ্চ ঋণের সীমা ৪০ লাখ টাকা।
সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর
এ স্কিমের আওতায় ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্যাংক সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নিতে পারবে। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে।
এ ছাড়া ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে ছাড়ের সুযোগ থাকবে। সাধারণত তিন মাস অন্তর কিস্তি পরিশোধ করতে হবে। তবে গ্রাহকের সুবিধা বিবেচনায় মাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক কিস্তিতেও পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
কারা ঋণ পাবেন না?
ঋণখেলাপিরা এ স্কিমের আওতায় নতুন ঋণ পাবেন না। আগের কোনো সরকারি বা বাংলাদেশ ব্যাংকের প্রকল্পের ঋণ বকেয়া থাকলেও নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে।
ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর পূর্ববর্তী ঋণের তথ্য যাচাই করবে ব্যাংক। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহে কোনো ফি নেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এ পুনঃঅর্থায়ন স্কিমটি সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।
