Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-খুন হয়নি: তথ্য প্রতিমন্ত্রী ২

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৬, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট থেকে নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদ প্রকাশ বা বর্জনের ক্ষেত্রে সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করবেন, তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা পালন করেছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যমকর্মীদের সমস্যা, দাবি ও প্রস্তাবনা শুনে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়াই এসব বৈঠকের মূল উদ্দেশ্য।

সভায় ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনলাইন সংবাদমাধ্যমের সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠকদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হতে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক প্রেক্ষাপট তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করেছিল বলেও মন্তব্য করেন ইয়াসের খান চৌধুরী। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না বলে জানান তিনি।

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে লক্ষ্যে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, পোর্টালের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তারা প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবনাও হস্তান্তর করেন।

সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব গোলাম ইফতেখার মাহমুদসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা বক্তব্য দেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।