![]()
ডিসি কমিকসের নতুন সিনেমা ‘সুপারগার্ল’ নিয়ে ভক্তদের মাঝে প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও, মুক্তির পর তা রীতিমতো নিরাশ করেছে। গত ২৬ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসা এই সুপারহিরো ছবিটি সমালোচকদের মন জয় করতে তো পারেইনি, বরং জুটেছে একের পর এক নেতিবাচক রিভিউ।
চিত্রনাট্যে দুর্বলতা, তবে প্রশংসিত মিলি অ্যালকক সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। গোটা সিনেমায় একমাত্র তার অনবদ্য অভিনয়ই দর্শক ও সমালোচকদের সন্তুষ্ট করতে পেরেছে। তবে ভ্যারাইটিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, সিনেমাটির সবচেয়ে বড় দুর্বলতা হলো এর নড়বড়ে চিত্রনাট্য এবং অপরিপক্ব পরিচালনা।
বক্স অফিসে হতাশাজনক আয় নেতিবাচক রিভিউর সরাসরি প্রভাব পড়েছে সিনেমাটির আয়ের ওপর। প্রথম উইকেন্ডে বা তিন দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় মাত্র ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে ৩ কোটি ৮০ লাখ ডলার এবং বাকিটা আন্তর্জাতিক বাজার থেকে।
-
নির্মাণ ব্যয়: প্রায় ১৭ কোটি মার্কিন ডলার।
-
প্রথম ৩ দিনে আয়: ৬ কোটি ৬০ লাখ ডলার।
বিশাল বাজেটের এই ছবি আদৌ নির্মাণ খরচ তুলে লাভের মুখ দেখবে কি না, তা নিয়ে প্রযোজক ও পরিবেশকেরা গভীর দুশ্চিন্তায় পড়েছেন। গত বছর মুক্তি পাওয়া ডিসির ‘সুপারম্যান’ বিশ্বজুড়ে ৬১ কোটি ৮০ লাখ ডলারের বিশাল ব্যবসা করেছিল। আয়ের বর্তমান গতিবিধি দেখে বোঝাই যাচ্ছে, ‘সুপারগার্ল’ সেই সাফল্যের ধারেকাছেও পৌঁছাতে পারবে না।
অন্যদিকে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘টয় স্টোরি ৫’
‘সুপারগার্ল’-এর এই হতাশার মাঝে আন্তর্জাতিক বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে ডিজনি ও পিক্সারের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘টয় স্টোরি ৫’।
মুক্তির দ্বিতীয় উইকেন্ডে সিনেমাটির আয় ৮ কোটি ৯১ লাখ ডলার। সব মিলিয়ে মাত্র ১২ দিনের মাথায় ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৮ কোটি ৫০ লাখ ডলারে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, আয়ের এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘টয় স্টোরি ৪’-এর সর্বোচ্চ আয়ের রেকর্ড (১০৭ কোটি ডলার) ভেঙে ফেলবে।
