![]()
নিউজ প্রোভাইডার
দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত দুই লেনবিশিষ্ট দুটি গুরুত্বপূর্ণ সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে সাভার, আশুলিয়া ও সংলগ্ন শিল্পাঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক নতুন গতির সঞ্চার হলো।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরপরই সাধারণ যান চলাচলের জন্য সেতু দুটি স্থায়ীভাবে টোলমুক্ত হিসেবে উন্মুক্ত করা হয়।
ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত এই দুটি সংযোগ সার্ভিস সেতুর মোট দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার। এর একটি দিয়ে ধউর থেকে আশুলিয়ার দিকে এবং অন্যটি দিয়ে আশুলিয়া থেকে ধউরের দিকে যানবাহন চলাচল করবে।
রাজধানীর অন্যতম ব্যস্ত এই করিডোরে এতদিন ধরে তীব্র যানজট, ধীরগতি এবং পরিবহন সংকটের কারণে স্থানীয় যাত্রী ও শিল্পাঞ্চলের পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন সেতু দুটি চালুর ফলে বিদ্যমান সড়কের ওপর চাপ কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে যানজট অনেকটাই নিরসন হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, একসময় স্থবির হয়ে পড়া মেগা প্রকল্পটির কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মান বজায় রেখে আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন ও এস এম জাহাঙ্গীর হোসেন এবং সেতু বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
