![]()
ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির লোকসভা সদস্য প্রিয়া সরোজের চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক গড়াতে যাচ্ছে বিয়ের পিঁড়িতে। আগামী ৪ ডিসেম্বর উত্তর প্রদেশের লখনউয়ের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
ইতিমধ্যেই এই হাইপ্রোফাইল বিয়ের আয়োজন ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং রাজনীতির মাঠের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্কের সূচনা
গত বছরের জুনে তাদের আংটি বদল হলেও নিজেদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে। সেখানে রিঙ্কু সিং জানান, করোনাকালে আইপিএল চলাকালীন এক সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে প্রিয়ার ছবি প্রথম দেখেন তিনি।
রিঙ্কু বলেন, “ছবি দেখেই মনে হয়েছিল প্রিয়াই আমার জন্য সঠিক মানুষ। তবে শুরুতে বার্তা পাঠাতে দ্বিধা পাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে আমার কয়েকটি ছবিতে প্রিয়া লাইক দেওয়ার পর কথা বলা শুরু হয়। ২০২২ সাল থেকে সম্পর্কের রসায়নটা গভীরে পৌঁছায়।”
কারা এই পরিচিত দুই মুখ
উত্তর প্রদেশের আলিগড়ে ১৯৯৭ সালে জন্ম নেওয়া রিঙ্কু সিং বর্তমানে ভারতীয় জাতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম নিয়মিত মুখ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নজরে আসেন তিনি। দেশের হয়ে এ পর্যন্ত ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ফিনিশার।
অন্যদিকে, ১৯৯৮ সালে জন্ম নেওয়া প্রিয়া সরোজ পেশায় একজন আইনজীবী ও রাজনীতিবিদ। ২০২৪ সালের ভারতের সাধারণ নির্বাচনে সমাজবাদী পার্টির ব্যানারে উত্তর প্রদেশের মছলিশহর লোকসভা আসন থেকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্যদের একজন হিসেবে তিনি নির্বাচিত হন।
