![]()
২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রায় ৮০০ শীর্ষ সামরিক পদ কমানোর পরিকল্পনা; ক্যারিয়ার অনিশ্চয়তায় শত শত কর্মকর্তা
মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। জেনারেল ও অ্যাডমিরালদের জন্য সংরক্ষিত পদ প্রায় ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা বিভাগ। এর আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্ব কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।
পেন্টাগনের এক কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার মেরিন কর্পস বেস কুয়ান্টিকোতে ‘স্টেট অব দ্য ফোর্স’ ভাষণে হেগসেথ এ পরিকল্পনা ঘোষণা করতে পারেন। জুনিয়র অফিসার ও তালিকাভুক্ত সামরিক সদস্যদের সামনে দেওয়া ওই ভাষণে সামরিক নেতৃত্বের কাঠামো পুনর্গঠনের বিষয়টি তুলে ধরার কথা রয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গত বছর সামরিক বাহিনীকে দেওয়া ১০ শতাংশ শীর্ষ পদ কমানোর নির্দেশকে দ্বিগুণ করে ২০ শতাংশে নেওয়া হবে। এতে প্রায় ৮০০টি ফ্ল্যাগ ও জেনারেল অফিসার পদ কমতে পারে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই কাটছাঁট সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ছাঁটাইয়ের আওতায় এক-তারকা জেনারেল থেকে শুরু করে তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তারাও পড়তে পারেন।
এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাম্প্রতিক বরখাস্ত ও পদোন্নতি স্থগিতের ধারাবাহিকতার মধ্যে নতুন এই পদ কমানোর সিদ্ধান্ত শত শত বর্তমান ও সম্ভাব্য সামরিক কর্মকর্তার ক্যারিয়ারে অনিশ্চয়তা তৈরি করতে পারে।
নেতৃত্বে ধারাবাহিক রদবদল
২০২৫ সালের জানুয়ারিতে বর্তমান মার্কিন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে ব্যাপক রদবদল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সময়ে দুই ডজনের বেশি শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে গত এপ্রিলে সেনাবাহিনী প্রধান জেনারেল র্যান্ডি জর্জও দায়িত্ব হারান।
চার তারকা পদে থাকা দুই নারীসহ বেশ কয়েকজন শীর্ষ নারী সামরিক কর্মকর্তাকেও প্রশাসন সরিয়ে দিয়েছে। এ ছাড়া হেগসেথের সঙ্গে মতবিরোধের জেরে চলতি মাসেই সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল পদত্যাগ করেন।
হেগসেথের যুক্তি, সামরিক নেতৃত্বকে আরও গতিশীল ও সুসংহত করতে অপ্রয়োজনীয় কাঠামোগত স্তর ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো প্রয়োজন। ২০২৫ সালের মে মাসে প্রকাশিত এক মেমোতেও তিনি সামরিক বাহিনীকে আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করার কথা জানিয়েছিলেন।
কংগ্রেসে উদ্বেগ
তবে সামরিক নেতৃত্বের পদ কমানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোড আইল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির র্যাংকিং সদস্য জ্যাক রিড।
তিনি বলেন, জ্যেষ্ঠ নেতৃত্বের পদ বিলুপ্ত করার মতো পদক্ষেপ কংগ্রেসের সঙ্গে পরামর্শ করেই নেওয়া উচিত। রিডের দাবি, শীর্ষ কর্মকর্তাদের অপসারণ ও পদোন্নতি স্থগিতের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীকে কমিটির সঙ্গে পরামর্শ করার কথা থাকলেও এখন পর্যন্ত তারা সন্তোষজনক ব্যাখ্যা পাননি।
রিড আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের অভিযান পরিচালনা করছে এবং বাহিনী এরই মধ্যে চাপের মধ্যে রয়েছে।
আইন অনুযায়ী জেনারেল ও ফ্ল্যাগ অফিসার পদের সংখ্যা নির্ধারিত থাকলেও প্রশাসন চাইলে কংগ্রেসে নতুন কর্মকর্তার নাম না পাঠিয়ে কিছু পদ শূন্য রাখতে পারে। এই ব্যবস্থার মাধ্যমেই হেগসেথ কাঙ্ক্ষিত পদসংখ্যা কমানোর পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছেন।
