![]()
বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে থাকার কথা প্রকাশ্যে বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার শাহানার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্বেতা কেশওয়ানি। তাঁর মতে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একজন মানুষ কীভাবে জীবন কাটাবেন, তা একান্তই তাঁর নিজস্ব সিদ্ধান্ত।
নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, একটি সাক্ষাৎকারে শাহানা গোস্বামী জানিয়েছেন, তিনি একাধিক ব্যক্তির সঙ্গে মুক্ত সম্পর্কে রয়েছেন। তাঁর বক্তব্য, এ ধরনের সম্পর্কে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং নিজের জীবন নিজের মতো করে উপভোগ করতে চান। তাঁর এই মন্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে তাঁকে ট্রোলিংয়েরও শিকার হতে হয়।
শাহানার ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনা প্রসঙ্গে শ্বেতা কেশওয়ানি বলেছেন, কেউ যদি একই সময়ে চার-পাঁচজনের সঙ্গে সম্পর্কে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে তা নিয়ে অন্যদের আপত্তি করার কারণ নেই। কোনো নারী নিজের পছন্দের সম্পর্কে সুখী থাকলে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলেও মনে করেন তিনি।
নারী-পুরুষের সম্পর্কে দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, সমাজে পুরুষদের একাধিক সম্পর্ক বা বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি অনেক সময় উপেক্ষা করা হয়। কিন্তু কোনো নারী নিজের যৌনতা কিংবা সম্পর্কের ধরন নিয়ে খোলাখুলি কথা বললে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।
শ্বেতার মতে, নারী ও পুরুষের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সমাজের এই দ্বৈত মানসিকতা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন। কোনো অভিনেত্রী যদি মুক্ত সম্পর্কে থেকে সুখী হন, তাহলে তাঁর ব্যক্তিগত পছন্দ নিয়ে অন্যদের অযথা মাথা ঘামানো উচিত নয়।
‘একটি সম্পর্ক সামলানোও ক্লান্তিকর হতে পারে’
শাহানার সম্পর্কের ধরন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শ্বেতা বলেন, সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকের পছন্দ ও স্বাচ্ছন্দ্য আলাদা হতে পারে। কারও কাছে একটি সম্পর্ক বজায় রাখাও মানসিকভাবে ক্লান্তিকর হয়ে উঠতে পারে। সেখানে একাধিক সম্পর্ক সামলানোর বিষয়টি আরও জটিল হতে পারে।
তবে কেউ যদি একসঙ্গে একাধিক সম্পর্কে থেকে সুখী থাকেন এবং সেই জীবনযাপনে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে তাঁর সিদ্ধান্তকে সম্মান করা উচিত বলে মনে করেন শ্বেতা। শাহানার ব্যক্তিগত জীবন নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের উদ্দেশেও তিনি প্রশ্ন রেখেছেন—অন্যের সম্পর্ক নিয়ে মানুষের এত আগ্রহ কেন?
কে এই শাহানা গোস্বামী?
শাহানা গোস্বামী ভারতীয় চলচ্চিত্র ও ওয়েব দুনিয়ার পরিচিত মুখ। টেলিভিশন ধারাবাহিক ‘বা বহু অউর বেবি’ দিয়ে পরিচিতি পাওয়ার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রক অন!’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার পান শাহানা। একই বছর মুক্তি পাওয়া ‘ফিরাক’ ছবিতে অভিনয়ের জন্যও তিনি ফিল্মফেয়ার ও স্ক্রিন পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
তিনি ভারতীয় অর্থনীতিবিদ ওমকার গোস্বামীর কন্যা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে তাঁর প্রকাশ্য বক্তব্যও মাঝেমধ্যে আলোচনায় আসে।
সূত্র: নিউজ১৮
