![]()
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে, গত ২৫ অক্টোবর অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব গ্রহণের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) উপধারা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে যে শর্তটি আগে পূরণ হবে, সেটিই কার্যকর হবে।
অধ্যাপক শামীমা সুলতানা ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। পরে ছবিটি সরিয়ে ফেলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই শিক্ষক।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে সংগঠনটির কোনো কমিটিতে তার পদ নেই।
