![]()
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের হাতে ছেড়ে দিতে হচ্ছে দলটিকে। চারটি আসনে জয় পাওয়ার মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। অথচ গত বছরও দলটির জন্য এমন জয়কে প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছিল।
এই জয়ের ফলে ২০২৭ সালে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সামনে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারের সুযোগ পাবে দলটি।
সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়ানো প্রয়োজন ছিল। নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস ও ওহাইওতে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করে সেই লক্ষ্য পূরণ করেছে দলটি।
নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়েছেন। সাউথ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ পরাজিত করেছেন রিপাবলিকান ডারলিন গ্রাহামকে।
অন্যদিকে, টেক্সাসে অঙ্গরাজ্যের প্রতিনিধি জেমস টালারিকো জয় পেয়েছেন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের বিরুদ্ধে। আর ওহাইওতে সাবেক সিনেটর শেরড ব্রাউন রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছেন।
নির্বাচনের এই ফলাফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নির্বাচনী প্রচারের শেষ দিকে অক্টোবরজুড়ে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন ট্রাম্প। তবে তাঁর জনপ্রিয়তা কমে যাওয়ায় নির্বাচনে দলটির প্রার্থীরা প্রত্যাশিত সুবিধা পাননি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আগামী দিনে ট্রাম্প প্রশাসনের জন্য আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
