Touch Bangladesh
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘মগিং’, অর্থ কী?

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৪, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

কাউকে ছাড়িয়ে যাওয়া, নিজের তুলনায় অন্য কাউকে বেশি আকর্ষণীয় বা নজরকাড়া মনে হওয়া কিংবা প্রতিযোগিতায় অন্যকে ম্লান করে দেওয়ার অর্থে ব্যবহৃত ‘মগিং’ (Mogging) শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে কলিন্স ইংলিশ ডিকশনারি। বিশেষ করে জেন-জি ও জেন-আলফা প্রজন্মের মধ্যে জনপ্রিয় এই ইন্টারনেট স্ল্যাংয়ের ব্যবহার গত এক বছরে বেড়েছে ২১০ শতাংশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলিন্স জানায়, ‘রিজ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় শব্দকে পেছনে ফেলে বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে ‘মগিং’।

তবে শব্দটি একেবারে নতুন নয়। কলিন্সের একটি ব্লগে বলা হয়েছে, প্রায় এক দশক ধরেই শব্দটির প্রচলন রয়েছে। সময়ের সঙ্গে এর অর্থ ও ব্যবহারের ধরন বদলেছে।

ধারণা করা হয়, ‘মগিং’ শব্দটির উৎপত্তি ‘এএমওজি’ (AMOG) থেকে। এর পূর্ণরূপ ‘আলফা মেল অব দ্য গ্রুপ’। অর্থাৎ কোনো দলের সবচেয়ে প্রভাবশালী পুরুষ। শুরুতে বডিবিল্ডিং সংস্কৃতিতে শব্দটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হতো। জিমে সবচেয়ে শক্তিশালী ও শারীরিকভাবে প্রভাবশালী ব্যক্তিকে বোঝাতে এটি বলা হতো।

পরবর্তী সময়ে শব্দটি ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। একপর্যায়ে পুরুষকেন্দ্রিক অনলাইন পরিসর ‘ম্যানোস্ফিয়ারেও’ এর প্রচলন দেখা যায়।

তবে গত ১২ মাসে শব্দটির অর্থে এসেছে নতুন পরিবর্তন। এখন কাউকে বা কোনো কিছুকে তুলনায় ম্লান করে দেওয়া কিংবা আকর্ষণ ও উপস্থিতির দিক থেকে ছাড়িয়ে যাওয়ার ঘটনাকে ‘মগিং’ বলা হচ্ছে।

কীভাবে ব্যবহার হয় ‘মগিং’ শব্দটি?

ধরা যাক, কোনো নৈশভোজের অনুষ্ঠানে নিজের তৈরি কাপকেক নিয়ে আপনি বেশ গর্বিত। কিন্তু সেখানে গিয়ে দেখলেন, আপনার এক বন্ধু তিন স্তরের দৃষ্টিনন্দন একটি কেক নিয়ে হাজির হয়েছেন। ফলে আপনার আয়োজনটি আর সবার নজর কাড়তে পারছে না। এ পরিস্থিতিকে বলা যেতে পারে, আপনি ‘মগড’ হয়েছেন।

একইভাবে, নিজের পোশাক নিয়ে বেশ আত্মবিশ্বাসী একজন ব্যক্তি বাইরে গিয়ে দেখলেন, অন্য কারও অনায়াস ও আকর্ষণীয় পোশাকের কাছে তাঁর সাজপোশাক ম্লান হয়ে গেছে। এটিও ‘মগিং’-এর উদাহরণ।

অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে কাউকে ছাড়িয়ে যাওয়া বা তুলনায় কম আকর্ষণীয় দেখানোর পরিস্থিতি বোঝাতেই বর্তমানে শব্দটি বেশি ব্যবহৃত হচ্ছে।

কলিন্সের অভিধানবিদেরা প্রতিবছর প্রায় ২৭ বিলিয়ন শব্দের ব্যবহার পর্যবেক্ষণ করেন। শুধু শব্দের ব্যবহারের সংখ্যা নয়, কোন পরিস্থিতিতে এবং কী অর্থে শব্দটি ব্যবহার করা হচ্ছে, সেটিও বিশ্লেষণ করা হয়।

কলিন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘মগিং’কে বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করার মধ্য দিয়ে বোঝা যায়, প্রতিটি প্রজন্ম কীভাবে ভাষার ওপর নিজেদের প্রভাব তৈরি করে।

তিনি আরও বলেন, জেন-জি ও জেন-আলফা প্রজন্ম একটি শব্দকে নিজেদের মতো করে গ্রহণ করে মজার স্ল্যাংয়ে পরিণত করেছে। এভাবেই তারা ভাষাকে নিজেদের করে নিচ্ছে।

বর্ষসেরা শব্দের তালিকায় ছিল আরও যেসব শব্দ

প্রতিবছরের মতো এবারও কলিন্সের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে সংস্কৃতি, প্রযুক্তি, রাজনীতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে উঠে আসা বেশ কয়েকটি শব্দ।

এর মধ্যে রয়েছে ‘ফায়ারওয়েভ’। দীর্ঘ সময় ধরে গরম ও শুষ্ক আবহাওয়ার পর কোনো শহর বা এলাকায় অল্প সময়ের মধ্যে একাধিক দাবানল ছড়িয়ে পড়ার পরিস্থিতি বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।

এ ছাড়া ২০২৬ ফিফা বিশ্বকাপের সময় আলোচনায় আসে ‘হাইড্রেশন ব্রেক’ শব্দবন্ধটি। প্রচণ্ড গরমের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড়দের পানি পান করার জন্য যে বিরতি দেওয়া হয়, সেটিই হাইড্রেশন ব্রেক। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার উচ্চ তাপমাত্রায় খেলোয়াড়দের পানিশূন্যতা এড়াতে এ বিরতির ব্যবস্থা করা হয়েছিল। যদিও দর্শকদের একাংশের অভিযোগ ছিল, এই বিরতি মূলত বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরি করেছে।

ব্রিটিশ রাজনীতির প্রভাবও পড়েছে এবারের শব্দের তালিকায়। সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ‘ম্যানচেস্টারিজম’ শব্দটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামের প্রস্তাবিত রাজনৈতিক দর্শনের সঙ্গে সম্পর্কিত। এতে আঞ্চলিক পর্যায়ে ক্ষমতা হস্তান্তর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় রয়েছেন বার্নহাম। সাবেক লেবার নেতা কিয়ার স্টারমারকে শীর্ষ পদ থেকে সরিয়ে নিজে সেই দায়িত্ব নেওয়ার সম্ভাবনা ঘিরে তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।