![]()
দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন করে প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে দুই দফায় টানা মূল্যবৃদ্ধির পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল সংগঠনটি। অর্থাৎ দুই দফায় স্বর্ণের দাম বাড়ল মোট ৬ হাজার ৫৯০ টাকা। এর আগে গত ৩১ অক্টোবর প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল।
নতুন দাম কত
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে—
- ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
- ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
অলঙ্কার কিনতে বাড়তি খরচ
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন ও মানভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রির নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে ১৩২ বার দাম সমন্বয়
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
