![]()
বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বিজ্ঞানী ও প্রকৌশলীদের মধ্যে নারীর অংশ ৪১ শতাংশে পৌঁছেছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বিজ্ঞান ও প্রকৌশল পেশায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইইউভুক্ত দেশগুলোতে মোট ২ কোটি ২০ লাখ বিজ্ঞানী ও প্রকৌশলী কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৮২ লাখ ছিলেন নারী।
মঙ্গলবার প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর বিভিন্ন অঞ্চলের মধ্যে নারী বিজ্ঞানী ও প্রকৌশলীর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ফ্রান্সের রাজধানী অঞ্চল ইল-দ্য-ফ্রঁস। এ অঞ্চলে ৩ লাখ ৩৬ হাজার ৩০০ নারী বিজ্ঞানী ও প্রকৌশলী কর্মরত রয়েছেন, যা মোট বিজ্ঞানী ও প্রকৌশলীর ৩৮ শতাংশ।
তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঞ্চল। সেখানে নারী বিজ্ঞানী ও প্রকৌশলীর সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৪০০, যা মোট কর্মীর ৩৫ শতাংশ।
অন্যদিকে স্পেনের এসতে অঞ্চলে এ সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৪০০, যা মোট বিজ্ঞানী ও প্রকৌশলীর ৪৬ শতাংশ। নেদারল্যান্ডসের ওয়েস্ট-নেদারল্যান্ডস অঞ্চলে রয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬০০ নারী, যা মোটের ৪০ শতাংশ।
জার্মানির বাভারিয়া অঞ্চলে নারী বিজ্ঞানী ও প্রকৌশলীর সংখ্যা ২ লাখ ৭১ হাজার ১০০ বা ৩৫ শতাংশ। এছাড়া পর্তুগালের কন্টিনেন্তে অঞ্চলে এ সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ১০০, যা মোট কর্মীর ৪৬ শতাংশ।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের ১০টি অঞ্চলে বিজ্ঞানী ও প্রকৌশলীদের অর্ধেকেরও বেশি ছিলেন নারী। এসব অঞ্চলের অধিকাংশই দক্ষিণ ইউরোপে অবস্থিত।
নারীদের সংখ্যাগরিষ্ঠতার তালিকায় স্পেনের নোরেস্তে অঞ্চল শীর্ষে রয়েছে। সেখানে মোট বিজ্ঞানী ও প্রকৌশলীর ৫১ শতাংশই নারী। সংখ্যার হিসাবে এ অঞ্চলে নারী বিজ্ঞানী ও প্রকৌশলীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৭০০।
এ ছাড়া নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে স্পেনের চারটি, পর্তুগালের দুটি এবং গ্রিসের একটি অঞ্চলে। তালিকায় রয়েছে পোল্যান্ডের মাক্রোরিজিওন সেন্ট্রালনি, সুইডেনের সর্বউত্তরের একটি অঞ্চল এবং ফ্রান্সের কয়েকটি প্রত্যন্ত অঞ্চলও।
সংশ্লিষ্ট পরিসংখ্যান বলছে, ইউরোপের বিজ্ঞান ও প্রকৌশল খাতে নারীদের অংশগ্রহণ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সূত্র: ইউরোস্ট্যাট ও আনাদোলু এজেন্সি
