![]()
রাজধানীতে পারিবারিক কলহের জের ধরে এক বাবার বিরুদ্ধে তাঁর সাত মাসের শিশুকন্যাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আছাড় মেরে হত্যা করার নৃশংস অভিযোগ উঠেছে। নিহত শিশুটির নাম রাফা মনি ওরফে কবিতা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে। কবির হোসেন পেশায় একজন রিকশাচালক।
নিহত শিশুটির মা লিমা আক্তার জানান, তাঁদের মূল বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে হলেও কাজের সূত্রে তাঁরা তুরাগের কামারপাড়া বস্তিতে বসবাস করছিলেন। নিহত রাফা মনি ছিল তাঁদের একমাত্র সন্তান।
লিমা আক্তার বলেন, “আমার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাদকাসক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সন্ধ্যায়ও একই বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে কবির হঠাৎ করেই আমার কোল থেকে রাফাকে কেড়ে নেয় এবং সজোরে মাটিতে আছাড় মারে।”
ঘটনার পর আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেকের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে রাফা মনির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, “সংবাদ পাওয়ার পর বুধবার রাতেই অভিযুক্ত কবির হোসেনকে আটক করা হয়েছিল। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ ও মাদকাসক্তির বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
