![]()
জিল্লুর রহমান, বাগআঁচড়া (যশোর)
যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের উলাশীর খাজুরা নামক এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হোসেন(৪০) ও শহিন আলম(৪২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৬ টায় মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত তোজাম্মেল হোসেন শার্শা উপজেলার উলাসী গ্রামের মৃত আতিয়ারের গাইনের ছেলে ও শাহিন আলম একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলযোগে নিহতরা উলাশী থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাভারন হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ গোপাল কর্মকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
