![]()
কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর পিলারে একটি বাল্কহেড ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকি (৩২)।
গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আজ সকালেও ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের কয়েকটি দল রকিকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
একই দুর্ঘটনায় নদীতে পড়ে যান আরও দুজন যাত্রী। তবে তাঁদের তাৎক্ষণিকভাবে পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন লিটন ও ওহাব। বর্তমানে তাঁরা সুস্থ আছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে নৌভ্রমণে বের হয়েছিল। কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছায় তাঁরা।
সে সময় নদীতে তীব্র স্রোত থাকার কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে সজোড়ে ধাক্কা খায়। এতে রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন।
দুর্ঘটনার বর্ণনায় রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান বলেন, “রাকিবুজ্জামান যখন নৌকা থেকে পড়ে গেল, আমি তাঁকে ধরতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি সামর্থ্যবান ছেলে এবং সাঁতারে দক্ষ। আশা করছি, সে ফিরে আসবে।”
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে চেষ্টা চালাচ্ছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত জানান, রাতের বেলা অন্ধকারের কারণে নদীর পানির স্রোতে উদ্ধারকাজ পরিচালনা করা কিছুটা কঠিন ছিল। তবে সকাল থেকে পুরোদমে অনুসন্ধান চালানো হচ্ছে।
