![]()
দুই-তিন ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, গ্যাস কূপ খনন ও সৌরবিদ্যুতে গুরুত্ব
নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।
ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কাল রাত থেকেই ইনশা আল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় আমরা কাল রাতে ফিরে যেতে পারবো।’ তিনি বলেন, ‘এটা আমাদের মনে হয় যে, আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।’
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাসে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। বৈঠকে গ্যাস কূপ খননের পাশাপাশি সৌরবিদ্যুতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই, তিন ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার কথাও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
বৈঠক শেষে ফজলুল হক বলেন, আগামী দিনে জ্বালানি সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন। আলোচনার পর ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে ফিরছেন উল্লেখ করে তিনি বলেন, এই স্বস্তি দীর্ঘমেয়াদে বজায় থাকবে বলেও তারা বিশ্বাস করেন।
গ্যাস কূপ খননে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দেশের জ্বালানি চাহিদা পূরণে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জ্বালানি সংকটের টেকসই সমাধানের পথ তৈরি হবে।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যাগুলো খুব অল্প সময়ে সমাধান করা কঠিন। তবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।
