![]()
নিরাপত্তাজনিত কারণ ও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ঢাকায় পাকিস্তানের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে নির্ধারিত দুটি বড় আন্তর্জাতিক কনসার্ট স্থগিত করা হয়েছে। এর পরপরই দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে সমতা ও পারস্পরিকতার অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর অন্যতম সদস্য ও সংগীতশিল্পী হামিন আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় হামিন আহমেদ প্রশ্ন তুলে বলেন, “আমাকে বলুন, আজ পর্যন্ত বা এমনকি গত ৫ বছরে কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে গিয়ে পারফর্ম করেছে?”
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’-এরও পারফর্ম করার কথা ছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানায়, অনুমতি জটিলতার কারণে অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে।
একই দিনে পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত অন্য একটি কনসার্টও স্থগিত করা হয়, যেখানে পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের জেমস ও নেমেসিসের অংশ নেওয়ার কথা ছিল।
একের পর এক আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হওয়া এবং একপেশে সাংস্কৃতিক আদান-প্রদান প্রসঙ্গে হামিন আহমেদ বলেন, “কোনো একপেশে বিষয় কখনো টেকে না। এটি পারস্পরিক হতে হবে, নয়তো একেবারেই না!”
তিনি আরও উল্লেখ করেন, কেবল পাকিস্তান নয়, ভারতের ক্ষেত্রেও একই রকম অসমতা বিরাজ করছে। “বিপরীত দিকের দরজা যখন বন্ধ, তখন বাংলাদেশেরও নিজের দরজা খুলে দেওয়ার কোনো কারণ নেই,” বলেন এই সংগীতশিল্পী।
এ ছাড়া পর্যাপ্ত অনুমোদন পাওয়ার আগেই আয়োজক প্রতিষ্ঠানগুলো কীভাবে অগ্রিম টিকিট বিক্রি করে—তা নিয়ে বিস্ময় প্রকাশ করে পুরো বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
