![]()
নিউজ প্রোভাইডার:
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কোনো নেতাকর্মীর বাংলাদেশে চাকরি হবে না বলে কড়া মন্তব্য করেছেন ঢাবির কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি বলেছেন, “কারণ এরা দেশের শত্রু।”
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন ও কড়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা হামিম লেখেন, “সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ ওরা এ দেশের শত্রু।”
ছাত্রলীগের অত্যাচার ও বিগত দিনের রাজনীতির সমালোচনা করে তিনি আরও লেখেন, “ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত। বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্ত্বিকতার অধিকারী তাদের। তবে (এই প্রক্রিয়ায়) কোনো দেশপ্রেমিক ও মেধাবী মানুষ যেন কোনোভাবেই হেনস্তার শিকার না হন।”
একই পোস্টে ছাত্রশিবির ও ছাত্রশক্তিকে উদ্দেশ্য করে সতর্কবার্তা ও বক্তব্য দেন হামিম। তিনি লেখেন, “সাবেক ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলব— দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাই অভ্যুত্থানের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।”
- পরিশেষে হুশিয়ারি উচ্চারণ করে হামিম লেখেন, “অতীতে ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর কোনো মাফ হবে না।”
