![]()
ইলেকট্রনিক চুক্তির আওতায় আবাসন, যাতায়াত, খাবার ও পবিত্র স্থানগুলোর সেবা
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য নতুন সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় সৌদি আরবে পৌঁছানো থেকে দেশে ফিরে যাওয়া পর্যন্ত হজযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া এই প্যাকেজে চারটি প্রধান সেবা থাকবে—পবিত্র স্থানগুলোর সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবার। এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধা নেওয়ার সুযোগও থাকবে।
নতুন ব্যবস্থায় বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর প্রয়োজন অনুযায়ী নিজেদের কর্মসূচি সাজাতে পারবে। এ জন্য নির্দিষ্ট সেবার পাশাপাশি নমনীয় চুক্তি কাঠামো রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি মন্ত্রণালয়।
সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি দেশটির ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। এসব বৈঠকে হজ পরিচালনার পরিকল্পনা, বিধিবিধান এবং প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ করেছে সৌদি আরব। ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে চুক্তি সম্পাদন, কার্যক্রম পরিচালনা এবং ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সমন্বয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন সমন্বিত প্যাকেজ সেই ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও বিস্তৃত করবে।
