![]()
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়। এতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিলের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক স্মারকে গণবিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। স্মারকটিতে স্বাক্ষর করেন উপসচিব হরিদাস ঠাকুর।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আগ্রহী ব্যক্তিদের আগামী ৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। এরপর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে বিভিন্ন সময়ে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
এ ক্ষেত্রে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আবেদন যাচাই-বাছাইয়ের বিধান রয়েছে।
নতুন করে গেজেটভুক্তির সুযোগ ও আবেদনের সময়সীমা নিয়ে দীর্ঘদিন ধরে আগ্রহীদের মধ্যে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল এবং সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
