![]()
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হলেও দেশের অধিকাংশ এলাকায় সোমবার (৫ অক্টোবর) আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, ৪ থেকে ৭ অক্টোবরের মধ্যে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর ফলে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশে বর্ষা মৌসুমের প্রভাব ক্রমেই দুর্বল হয়ে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
