![]()
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসি (নৌ) পদে বিভিন্ন শাখায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করে আগামী ১৮ অক্টোবর থেকে দেশের তিনটি কেন্দ্রে সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন চাকরিপ্রার্থীরা।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
বাংলাদেশ নৌবাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৯টি শাখায় নাবিক ও এমওডিসি পদে এই নিয়োগ দেওয়া হবে। শাখাভেদে শিক্ষাগত যোগ্যতা ও জিপিএর শর্ত নিচে দেওয়া হলো:
-
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় (মাদ্রাসা বা ভোকেশনালসহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে।
-
মেডিকেল: জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
-
রেগুলেটিং, রাইটার, স্টোর, মিউজিশিয়ান এবং এমওডিসি (নৌ): যেকোনো বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে।
-
কুক ও স্টুয়ার্ড: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
-
টোপাস: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়স ও শারীরিক যোগ্যতা
১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা হতে হবে:
-
নাবিক পদ: ১৭ থেকে ২০ বছর।
-
এমওডিসি (নৌ) পদ: ১৭ থেকে ২২ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা সরকার কর্তৃক নির্ধারিত ও সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
যেসব কারণে আবেদনের অযোগ্য হবেন
১. দেশ বা বিদেশের আইন ও বিধি অনুযায়ী কোনো মামলায় গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, আটক বা বিচারাধীন থাকলে।
২. সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বহিষ্কৃত হলে।
৩. দ্বৈত নাগরিকত্ব থাকলে।
৪. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।
পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি
নিয়োগপ্রক্রিয়ার জন্য তিনটি কেন্দ্রে আগামী ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে প্রয়োজনীয় সনদপত্রসহ প্রার্থীদের সরাসরি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার কেন্দ্রসমূহ: ১. ঢাকা: বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।
২. খুলনা: বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।
৩. চট্টগ্রাম: নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।
আবেদনের নিয়মাবলি
আগ্রহী প্রার্থীদের নৌবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রাক-যোগ্যতা যাচাই শেষে আবেদনের জন্য ‘সাইন আপ’ (Sign Up) বা ‘সাইন ইন’ (Sign In) করতে হবে।
-
আবেদন ফি: ৩০০ টাকা।
-
পেমেন্ট পদ্ধতি: বিকাশ, নগদ, রকেট, ট্যাপ বা যেকোনো ব্যাংক কার্ডের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধ করা যাবে।
-
ফি পরিশোধের পর অনলাইন আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
-
পরবর্তীতে ডাউনলোড করা ‘নাবিক-১’ ফরমটি প্রিন্ট করে নির্ধারিত পরীক্ষার দিনে কেন্দ্রে নিয়ে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬।
বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।
