![]()
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০ হাজার যন্ত্রপাতির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বিভিন্ন প্রক্রিয়া
রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির সাহায্যে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কার্যক্রমের সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থা বিদ্যুৎকেন্দ্রের পরিচালন কার্যক্রমের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
জরুরি পরিস্থিতিতে সহায়তা করবে ওআইএসএস
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এটি তৈরি করেছে।
তিনি বলেন, প্রথম ইউনিটে ইতোমধ্যে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং কেন্দ্রটির স্টার্টআপ কার্যক্রমেও এটি ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।
রোসাটমের তথ্য অনুযায়ী, ওআইএসএস বিদ্যুৎকেন্দ্রের ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। জরুরি পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে অপারেটরদের সহায়তা দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা রয়েছে।
এ প্রযুক্তি জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপন করবে। ফলে নিয়ন্ত্রণকক্ষের কর্মীরা দ্রুত পরিস্থিতি বুঝতে এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বিদেশে প্রথমবার এ প্রযুক্তি বাস্তবায়ন
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অন্যতম বৃহৎ প্রকল্প। একই সঙ্গে আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।
তিনি জানান, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর মতে, এ প্রযুক্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে, পরিচালন ব্যয় কমাতে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের নির্ভরযোগ্য সহায়তা দিতে পারে।
দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে কেন্দ্রটি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতির অংশ হিসেবে নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন ও সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন হওয়াই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত ঘোষণা নয়।
