![]()
মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হুমকি এবং বাকযুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে দুই পক্ষকেই নতুন করে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে উভয়পক্ষকেই ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
মিশর সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জাতিসংঘ প্রধান বলেন, আমি একটি স্পষ্ট ও জোরালো বার্তা দিতে চাই- এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক সমাধান প্রয়োজন।
পরিস্থিতির অবনতি নিয়ে সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, এখন আমরা যে পাল্টাপাল্টি হুমকির মহড়া দেখছি, তা যদি উভয় পক্ষের বড় ধরনের সংঘাত ও সামরিক উত্তেজনায় রূপ নেয়, তবে এই অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি ও বাব আল-মানদেব প্রণালিতে মুক্ত জাহাজ চলাচল এবং নৌ চলাচলের অধিকার পূর্ণভাবে নিশ্চিত করার ওপর জোর দেন।
মিশর সফরকালে গুতেরেস ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে কায়রোর কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার প্রশংসাও করেন।
