![]()
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষ কর্মী নিয়োগে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। স্পেনের মাদ্রিদে দেশটির পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব দিয়েগো মার্তিনেজ বেলিওর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, নতুন বাজার অনুসন্ধান এবং যৌথ প্রদর্শনী আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেন।
পাশাপাশি ক্রীড়াকূটনীতি, সৃজনশীল অর্থনীতি, শিল্পকলা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
দেশব্যাপী ক্রীড়ার প্রসারে সরকারের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে বাংলাদেশি কমিউনিটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছে।
তিনি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপস’ উদ্যোগে স্পেনকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে স্পেনের পক্ষ থেকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়। দিয়েগো মার্তিনেজ বেলিও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাকে আশাব্যঞ্জক উল্লেখ করে এ প্রচেষ্টায় স্পেনের সমর্থনের আশ্বাস দেন।
দুই দেশের মধ্যে সম্মত দ্বিপক্ষীয় দলিলগুলো দ্রুত চূড়ান্ত করার পাশাপাশি চলমান আলোচনা ও সমঝোতা স্মারক-সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন উভয় পক্ষ।
এ ছাড়া যত দ্রুত সম্ভব দ্বিতীয় বাংলাদেশ-স্পেন পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক (ফরেন অফিস কনসালটেশন) আয়োজনের আগ্রহ প্রকাশ করা হয়। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগের গুরুত্বও তুলে ধরেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকের শুরুতে স্পেনের টোলেডোতে ওই দিন ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন
