![]()
মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও জাতীয় চেতনা বিকাশের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু বক্কর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আবদুল হামিদ, আইয়ুব আলী সদাগরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
তাঁরা বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তোলা প্রয়োজন। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো জানা এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করতে হবে।
রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে নিজেদের চিন্তা-ভাবনা তুলে ধরার সুযোগ পায়। এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
