![]()
আন্তর্জাতিক
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর একটি সামরিক স্থাপনা ও ব্যারাকে বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।
রোববার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণ বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে। কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশনের এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিস্ফোরক বহনের উপযোগী করে পরিবর্তন করা ড্রোন ব্যবহার করে সামরিক স্থাপনা ও সেনাদের ব্যারাকে হামলা চালানো হয়। হামলার ধরন ও ব্যবহৃত প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেন সেনাসদস্যরা।
আহত সেনাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কলম্বীয় সেনাবাহিনী এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন বিপন্ন করতে পারে—এমন কোনো সহিংস কর্মকাণ্ডের আগাম তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিতে নাগরিকদের সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
