![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন। ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে তিনি সেখানে যাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এর মূল লক্ষ্য হলো লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত করা। এ উদ্যোগ সফল হলে লালমনিরহাট দেশের অন্যান্য জেলার জন্য একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠবে।
তিনি জানান, জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এ আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত রয়েছেন।
মন্ত্রী আরও বলেন, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই সামাজিক উদ্যোগের উদ্বোধন করেন। চার মাসের মধ্যে প্রধানমন্ত্রী নিজে লালমনিরহাটে গিয়ে এর বাস্তবায়ন কার্যক্রম দেখতে আসছেন। কর্মসূচিটি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে এটি দেশের অন্যান্য জেলার সংসদ সদস্যদের দেখানো হবে, যাতে উদ্যোগটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়া যায়।
তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আশাবাদ
সভায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, এই আন্দোলনের কারণে তিস্তা নদী ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন নিয়ে দেশ-বিদেশে আলোচনা তৈরি হয়েছে।
তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব
সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষা ও সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু বড় ভবন বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে মাদকসহ সামাজিক অপরাধের বিস্তার ঘটলে সেই শিক্ষা কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়।
তিনি স্বেচ্ছাসেবকদের নীতি, আদর্শ ও মূল্যবোধ ধারণ করে সমাজ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
