![]()
বিনোদন
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ড শুধু একজন শিল্পীর ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং পুরো শিল্পী সমাজের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান চিত্রনায়িকা পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিককে উদ্দেশ করে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
পরে আদালত প্রাঙ্গণের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে পরীমনির সমালোচনায় সরব হন অনেকেই।
এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রিনা খান। তার ভাষ্য, রাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে কাউকে প্রকাশ্যে গালাগাল করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
রিনা খান বলেন, রাগের মাথায় অনেকেই হয়তো গালাগাল করে বসেন। কিন্তু এমন আচরণ করা উচিত নয়। কারণ, গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। গণমাধ্যমের কারণে তাদের সুনাম যেমন ছড়িয়ে পড়ে, তেমনি নেতিবাচক কর্মকাণ্ডের কারণে দুর্নামও তৈরি হয়।
তিনি আরও বলেন, শিল্পীদের এমন কোনো কথা বলা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পী সমাজের ওপর এসে পড়ে।
পরীমনির ঘটনাকে পুরো শিল্পী সমাজের জন্য বিব্রতকর উল্লেখ করে রিনা খান বলেন, হাজারো মানুষের সামনে এভাবে খারাপ কথা বলার প্রয়োজন নেই। কোনো শিল্পীর ব্যক্তিগত ক্ষোভ বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আলাদাভাবে ডেকে তা জানানো যেতে পারে।
তার মতে, একজন শিল্পীর ব্যক্তিগত আচরণ অনেক সময় পুরো শিল্পী সমাজের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলে। তাই জনসমক্ষে কথা বলা ও আচরণের ক্ষেত্রে প্রত্যেক শিল্পীর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
